সোমালিয়া ওয়েব নিউজ: সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করলেন আরামবাগের তৃণমূল যুবনেতা সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ। দলীয় সংগঠন করার পাশাপাশি তিনি পেশায় শিক্ষক এবং অভিনেতা। অর্থের অভাবে অসম্পূর্ণ একটি মন্দিরের তৈরির কাজ তিনি সম্পূর্ণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। সোমবার সকালে তিনি মন্দির প্রাঙ্গণে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। ওই মন্দির সংস্কারের জন্য প্রয়োজনীয় সমস্ত অর্থ তিনি দেবেন বলে জানান। ঘটনাটি আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি শিবকালীর মন্দির রয়েছে। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা তা সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু করোনাকালে তাঁরা অর্থ সংকটে পড়েন। এরপর বিষয়টি জানতে পারেন তৃণমূল যুব নেতা সেখ শাহিদ ইমাম। এদিন এলাকায় গিয়ে ওই মন্দিরের কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় টাকা দেওয়ার পাশাপাশি মন্দিরে মার্বেল পাথর, টাইলস বসানোর ব্যবস্থাও তিনি নিজে করবেন বলে জানান। উল্লেখ্য, শাহিদ ইমাম সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকেন। করোনাকালে তিনি অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও অর্থসংকটে পড়া দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। শিক্ষকতার পাশাপাশি তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত। এছাড়াও গত কয়েক বছর ধরে তিনি টলিউডে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। জানা গেছে, এই মন্দির সংস্কারের জন্য লক্ষাধিক টাকা খরচ হবে। তাই তাঁর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। পূর্ণ পাত্র, সুব্রত পন্ডিত, সোমনাথ পন্ডিত, ঝন্টু নন্দী প্রমুখ বাসিন্দারা বলেন, মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ হয়েও তিনি যেভাবে হিন্দুদের মন্দির সংস্কারের কাজে এগিয়ে এসেছেন আমরা অভিভূত। অন্যদিকে সেখ শাহিদ ইমাম বলেন, আমি হিন্দু-মুসলিম ভেদাভেদে বিশ্বাসী নই। আমি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসি। আমার জন্য যদি একজন মানুষও উপকৃত হন তাহলেই আমি খুশি।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”