সোমালিয়া সংবাদ, খানাকুল: বৃহস্পতিবার বিকেলে খানাকুলে এসে আরামবাগ মহকুমায় গত কয়েকদিনে বজ্রপাতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তারকেশ্বর থেকে হেলিকপ্টারে করে বিকেল পৌনে চারটে নাগাদ খানাকুল রাজা রামমোহন রায় কলেজ মাঠে পৌঁছন। সেখানেই তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন খানাকুলের বালিপুরের মৃত দম্পতি হেমন্ত গুছাইত ও মালবিকা গুছাইতের সাত বছরের মেয়ে রাহিকা, তার দিদিমা, দাদু ও পরিবারের অন্যান্যরা। দিদিমা দীপা মাইতি জানান, অভিষেক ব্যানার্জি জানিয়েছেন ছোট্ট রাহিকার পড়াশোনার দায়িত্ব সমস্ত দায়িত্ব তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হবে। এছাড়াও আরও যা যা প্রয়োজন সবকিছুই তাঁরা দেখবেন। দিদিমা আরও জানান, বালিপুরে নিজেদের বাড়িতেই থাকবে রাহিকা। তার কাছেই তাঁরা দাদু-দিদিমা থাকবেন। এছাড়াও বজ্রপাতে মৃত খানাকুলের গোবিন্দপুর গ্রামের কানাই লহরী, জগন্নাথপুর গ্রামের শিশির অধিকারী, পুরশুড়ার কাদিপুর গ্রামের শ্যামলী রাউৎ, গোঘাটের নরসিংহবাটির আনন্দ রায়ের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অভিষেক। এ প্রসঙ্গে শিশির অধিকারীর ছেলে শ্রীমন্ত অধিকারী বলেন, উনি তৃণমূলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন। আমি একটা কাজের জন্য ওনাকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এছাড়াও আনন্দ রায়ের বাবা পিরুমোহন রায় এদিন অভিষেকর কাছে পরিবারের একজনের কর্মসংস্থানের আবেদন করেছেন। অভিষেক তাঁদেরকেও আশ্বস্ত করে চিন্তা না করার কথা বলেছেন বলে পিরুবাবু জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান, তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, অভিষেক ব্যানার্জি এদিন হুগলি জেলায় বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি এদিন প্রত্যেক পরিবারকে তৃণমূলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। এছাড়াও এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরে আর্থিক সাহায্য প্রয়োজন হলে তা জানানোর কথা বলে গেছেন। দলের পক্ষ থেকে আগামী দিনে এই পরিবারগুলিকে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে এদিন যখন অভিষেক ব্যানার্জির আসার জন্য প্রস্তুতি চলছিল তখনই আবার খানাকুলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। তখন মাঠে কাজ করার সময় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম অভিজিৎ সর্দার (৩২)। বাড়ি খানাকুলের কিশোরপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গা গ্রামে। এদিন বিকেলেই তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব তাঁর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত