সোমালিয়া সংবাদ, খানাকুল: এক সপ্তাহের মধ্যেই খানাকুলের তিলকচকের স্বর্ণ ব্যবসায়ী খুনের কিনারা করে ফেলল খানাকুল থানার পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে দোকান থেকে লুট হয়ে যাওয়া সোনার গহনা ও অন্যান্য জিনিসপত্র। উল্লেখ্য, ৫ জুন সন্ধেয় নিজের দোকানের মধ্যেই খুন হয়ে যান স্বর্ণ ব্যবসায়ী সুমিত মন্ডল। খানাকুলের তিলকচক মোড়ে তাঁর নিজের একটি সোনার দোকান আছে। তাঁর বাড়ি খানাকুলের খামারগোড়ি গ্রামে। ওদিন সন্ধেয় বাড়ি থেকে তাঁর স্ত্রী করুণা মন্ডল ফোন করলে ফোন ‘সুইচড অফ’ বলে। তার সন্দেহ হওয়ায় পাশাপাশি দোকানদারকে তিনি দোকানে খোঁজ নিতে পাঠান। তখনই তাঁরা দোকানের মধ্যেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে আরামবাগের দক্ষিন নারায়নপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন মৃতের স্ত্রী খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তে নেমে খানাকুল থানার পুলিশ সোমবার ভোরে খানাকুলের সুলুট গ্রাম থেকে জাহেদুল মল্লিক ওরফে কাদেরকে গ্রেপ্তার করে। সে তেহট্টে একটি প্যাটিস কারখানায় কাজ করতো। কিন্তু লকডাউনের জন্য বাড়িতেই ছিল। সেদিনই তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ ছ’দিনের জন্য নিজেদের হেফাজতে পায়। আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল জানান, জেরার মুখে সে খুনের কথা স্বীকার করে নেয়। জানা গেছে, ওই ব্যক্তির সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী সুমিতের আগে থেকেই পরিচয় ছিল। এমনকি সুমিতের কাছ থেকে কিছু টাকা সুদে ধারও নিয়েছিল। কিন্তু সব টাকা শোধ দিতে পারেনি। সেই চাপ ছিল। তারপর লকডাউনের জন্য সে কারখানায় ফিরে যেতে পারেনি। ফলে তার নিজের আবার টাকার দরকার পড়েছিল। তাই সে ওই খুনের পরিকল্পনা করে। পুলিশ তার কাছ থেকে দোকান থেকে লুট করে নেওয়া প্রায় ২৫ গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করে। পাশাপাশি যে কাটারি দিয়ে খুন করেছিল সেটিও বাজেয়াপ্ত করে। এছাড়া উদ্ধার হয় মৃত সুমিতের ও অভিযুক্তের দু’জনেরই মোবাইল ফোন ও অন্যান্য কিছু জিনিসপত্র। তবে এখনও পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনা সে একাই ঘটিয়েছিল নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল। অন্যদিকে এই ঘটনার দ্রুত কিনারা করতে পারায় পুলিশের তদন্তে এলাকার মানুষ খুশি। তাঁরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত