সোমালিয়া ওয়েব নিউজঃ বছরের প্রথম দিনই নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করল একটি পাকিস্তানি ড্রোন। ড্রোনটি বিপুল পরিমাণ বিস্ফোরক, কার্তুজ ও ওষুধপত্র ফেলে রেখে ফিরে যায় বলে সেনা সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার খাদি কারমাদা এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সেনা সূত্রের দাবি, পাক ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেছিল। সেই সময়েই নির্দিষ্ট এলাকায় বিস্ফোরক ও অস্ত্রসামগ্রী ফেলে দেওয়া হয়। পরে ড্রোনটি ফের নিয়ন্ত্রণরেখার ওপারে চলে যায় বলে অনুমান। ড্রোনটির গতিবিধি নজরে আসতেই সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুধু পুঞ্চ নয়, কিস্তওয়ার জেলার পাহাড়ি এলাকাতেও তল্লাশি জোরদার করা হয়েছে। দুর্গম অঞ্চলে জঙ্গিদের সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গা চিহ্নিত করতে গোপন সূত্রদের সক্রিয় করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, উপত্যকায় আগে থেকেই লুকিয়ে থাকা জঙ্গিদের কাছে বিস্ফোরক ও কার্তুজ পৌঁছে দিতেই এই ড্রোন ব্যবহার করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, শীত পড়লেই জম্মু-কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়ার প্রবণতা দেখা যায়। উপত্যকা তুষারাবৃত থাকায় নজরদারি তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে, আর সেই সুযোগেই জঙ্গিরা অনুপ্রবেশ কিংবা রসদ সংগ্রহের চেষ্টা করে। শীতকাল জুড়ে সংগঠিত হয়ে বসন্তের শুরুতে বড়সড় হামলার পরিকল্পনা নেওয়ার নজিরও রয়েছে অতীতে।
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে—উপত্যকায় কি আবার বড় ধরনের জঙ্গি হামলার ছক কষা হচ্ছে? নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ও কার্তুজ সরবরাহের চেষ্টা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, গত বছর এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জেরে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। তার পর দু’দেশের মধ্যে সীমান্তে কয়েক দিন তীব্র উত্তেজনা তৈরি হলেও পরে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান।
বর্তমান পরিস্থিতিতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, উপত্যকায় যে কোনও ধরনের জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

![]()

More Stories
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান
দেশে সারের ঘাটতি মেটাতে আমদানি বাড়াল কেন্দ্র, ইউরিয়া আমদানি ৮৯ লক্ষ টন
বিসমিল্লাহ্ খাঁ: সুরের ভিতর মানবধর্মের অনন্য সেতুবন্ধন