সোমালিয়া ওয়েব নিউজঃ অভয়ার ন্যায়বিচারের দাবি অক্ষুণ্ণ রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে গঠিত জুনিয়র ডক্টরস ফ্রন্টে প্রকাশ্যে ভাঙন। সংগঠনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অগণতান্ত্রিক কার্যপ্রণালীর অভিযোগ তুলে সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
বছরের প্রথম দিন, বৃহস্পতিবার নিজের পদত্যাগপত্রে মতানৈক্যের কথা গোপন না রেখে অনিকেত মাহাতো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাজকর্ম চলছে, তা অগণতান্ত্রিক এবং অভয়ার ন্যায়বিচারের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর অভিযোগ, সংগঠনের ট্রাস্ট ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং আইনি পরামর্শ উপেক্ষা করেই ফ্রন্ট পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। সহপাঠীদের উদ্যোগে গড়ে ওঠে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অভয়ার ন্যায়বিচারের দাবিতে আইনি লড়াইয়ের খরচ জোগাতে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ারা যৌথভাবে ‘অভয়া তহবিল’ তৈরি করেন।
পরবর্তীতে সেই তহবিলকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, তহবিলের অর্থ নয়ছয় হচ্ছে। পাশাপাশি ফ্রন্টের আন্দোলনের অভিমুখও বদলে যাচ্ছে বলে একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই পরিস্থিতিতে সংগঠনের ভিতরে মতানৈক্য আরও প্রকট হয়ে ওঠে।
যদিও সিবিআই তদন্তভার নেওয়ার পর দ্রুত মামলার নিষ্পত্তি হয় এবং দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার তথা হাসপাতালের অস্থায়ী নিরাপত্তারক্ষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তবু এই রায়ে সন্তুষ্ট হননি মৃতার পরিবার ও ঘনিষ্ঠ মহল। তাঁদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় একাধিক বিষয় আড়ালে রাখা হয়েছে। সেই কারণেই দেশের শীর্ষ আদালতে এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা।
ইস্তফাপত্রে অনিকেত মাহাতো জানিয়েছেন, সংগঠনের অভ্যন্তরীণ অসঙ্গতি নিয়ে তিনি একাধিকবার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। এমনকি নিজের ও সতীর্থ দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ারার বদলি সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। কিন্তু বারবার মতানৈক্য সত্ত্বেও তাঁর বক্তব্যে কর্ণপাত করা হয়নি বলেই অভিযোগ।
সব মিলিয়ে ‘অভয়া তহবিল’ ঘিরে ওঠা বিতর্ক এবং সংগঠনের কার্যপ্রণালী নিয়ে ক্ষোভের জেরেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনিকেত মাহাতো—এমনটাই জানিয়েছেন তিনি।


![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের