February 4, 2026

১৪৫ কোটি টাকার বালি পাচার মামলায় ইডির চার্জশিট

জিডি মাইনিং কর্তা অরুণ শরাফ-সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সোমালিয়া ওয়েব নিউজঃ১৪৫ কোটি টাকার বালি পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চার্জশিট জমা দিয়েছে। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ শরাফ-সহ মোট ১৮ জনের নাম রয়েছে চার্জশিটে।

ইডি সূত্রে জানা গেছে, অরুণ শরাফের সংস্থা নিয়ম ভেঙে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তা বাজারে বিক্রি করত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই এই বালি পাচার চক্র সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।

গত ৮ই সেপ্টেম্বর এই মামলার তদন্তে নেমে ইডি আধিকারিকরা একযোগে ঝাড়গ্রাম, কলকাতা, নদীয়া ও পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান। সেই তল্লাশির সময় বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার হয় বলে জানা গেছে।

এরপর গত ৬ই নভেম্বর ইডি অরুণ শরাফকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইডির হেফাজতে রয়েছেন। চার্জশিটে আরও যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোপীবল্লভপুরের ব্যবসায়ী শেখ জেহরুল আলি এবং পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়

ইডির অভিযোগ, এই চক্রের মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা তৈরি হয়েছে এবং তা বিভিন্ন পথে সাদা করার চেষ্টা করা হয়েছিল। তদন্তকারী সংস্থা জানিয়েছে, আর্থিক লেনদেনের সূত্র ধরে আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় রাজ্যের একাধিক জেলায় বালি ব্যবসা ও খনন সংক্রান্ত অনিয়ম নতুন করে আলোচনায় এসেছে। ইডি জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।

Loading