September 19, 2026

শরীয়তপুরে আক্রান্ত হিন্দু ব্যবসায়ীর মৃত্যু

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস খোকন চন্দ্র দাসের

সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলাদেশের শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার তিলোই এলাকায় খোকন চন্দ্র দাসের পথ আটকায় একদল দুষ্কৃতি। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করার পর তাঁর কাছ থেকে টাকা লুট করা হয়। এরপর তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে অভিযান চলছে।

এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, নিরাপত্তাহীনতার কারণে সংখ্যালঘু ব্যবসায়ীরা ক্রমশ ঝুঁকির মুখে পড়ছেন।

Loading