শিয়ালদা, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বাড়তি নজর, যান চলাচল ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা
সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতিতে নেমেছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে স্টেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি বাইরের যোগাযোগ ও যান চলাচল ব্যবস্থাও সুষ্ঠু রাখার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে রেল।
এই লক্ষ্যেই শুক্রবার শিয়ালদায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিয়ালদার অতিরিক্ত ডিআরএম (অপারেশন) প্রসূন চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।
সূত্রের খবর, বৈঠকে মূলত স্টেশন ভিত্তিক ব্যবস্থাপনা ও শহর ভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার উপর জোর দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে রেল ও পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং যৌথ পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বৈঠকে যে বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য—
- স্টেশন সংলগ্ন এলাকায় যানবাহন পার্কিং ব্যবস্থার উন্নয়ন,
- ভিড়ের চাপ সামাল দিতে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন পরিকল্পনা,
- অতিরিক্ত যাত্রী চাপের সময় রেল ও পুলিশের যৌথ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা,
- স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার।
রেল সূত্রে জানা গেছে, গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশন দিয়ে যাতায়াত করেন। সেই কারণে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি ও সমন্বয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেল ও পুলিশ প্রশাসনের এই যৌথ উদ্যোগে এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াত আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলেই আশা করা হচ্ছে।

![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা