জয়পুরে আজ ৭৮তম সেনা দিবসের কুচকাওয়াজ

প্রথমবার ক্যান্টনমেন্টের বাইরে, জগৎপুরায় শক্তি ও শৃঙ্খলার প্রদর্শন ভারতীয় সেনার

সোমালিয়া ওয়েব নিউজঃ দেশজুড়ে গৌরব ও শ্রদ্ধার আবহে আজ পালিত হচ্ছে ৭৮তম সেনা দিবস। এই উপলক্ষে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে সেনা দিবসের বিশেষ কুচকাওয়াজ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কুচকাওয়াজে জগৎপুরার মহল রোডে হাজার হাজার দর্শকের সামনে ভারতীয় সেনাবাহিনী তাদের শৃঙ্খলা, শক্তি ও আধুনিক সামরিক সক্ষমতার নজিরবিহীন প্রদর্শন করবে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই কুচকাওয়াজ সেনা দিবস উদযাপনে বিশেষ মাত্রা যোগ করেছে।

এবছরের সেনা দিবসের কুচকাওয়াজের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এই প্রথমবার প্রথামাফিক ক্যান্টনমেন্ট এলাকার বাইরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের আরও কাছাকাছি সেনাবাহিনীকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে।

কুচকাওয়াজে আধুনিক অস্ত্রশস্ত্র, সামরিক যান, ট্যাংক, মিসাইল ব্যবস্থা, পদাতিক বাহিনীর মার্চপাস্ট এবং বিভিন্ন রেজিমেন্টের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা হবে। পাশাপাশি নারী সেনা সদস্যদের অংশগ্রহণও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জয়পুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ড্রোন নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

সেনা দিবস উপলক্ষে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু তাঁর বার্তায় বলেন, “‘দেশই প্রথম’—এই চেতনায় অনুপ্রাণিত ভারতীয় সেনাবাহিনীর নিষ্ঠা ও আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে গর্বিত করে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিতেও দেশকে রক্ষা করে চলেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের সাহস, ত্যাগ ও দৃঢ় অঙ্গীকারকে গোটা দেশ স্যালুট জানায়।”

উল্লেখ্য, ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ভারতের প্রথম সেনাপ্রধান হিসেবে জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই প্রতি বছর এই দিনটি সেনা দিবস হিসেবে পালন করা হয়।

Loading