পশ্চিমবঙ্গের প্রস্তাব খারিজ, ভোটার তালিকা সংশোধনী ঘিরে বিতর্ক
সোমালিয়া ওয়েব নিউজঃভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (SIR)–২০২৬ প্রক্রিয়ায় মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না—এই সিদ্ধান্তই জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে তা খারিজ করেছে কমিশন।
নির্বাচন কমিশনের তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকা অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় যেসব নথিকে পরিচয় ও যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার তালিকায় মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নয়। সেই কারণেই এই নথিকে বৈধ হিসেবে গ্রহণ করার প্রস্তাবে সম্মতি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে পাঠানো প্রস্তাবটি নির্বাচন কমিশন খতিয়ে দেখেছে। কিন্তু পূর্বনির্ধারিত নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করার কোনও সুযোগ নেই।
নির্বাচন কমিশনের এই চিঠিতে সই করেছেন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা। চিঠিটি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্পিড পোস্ট ও ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে এসআইআর ২০২৬ চলাকালীন বহু নতুন ভোটার ও সংশোধনপ্রার্থীর ক্ষেত্রে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। কারণ, গ্রামীণ ও প্রান্তিক এলাকার বহু নাগরিকের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই প্রধান পরিচয় সংক্রান্ত নথি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
তবে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে শুধুমাত্র পূর্বনির্ধারিত ও সরকার স্বীকৃত নথির ভিত্তিতেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়মের বাইরে গিয়ে কোনও নথিকে অন্তর্ভুক্ত করা হলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে।
এসআইআর ২০২৬-কে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

![]()

More Stories
আয়ুষ্মান ভারত (PM-JAY),দিল্লির বিজ্ঞান ভবনে ঐতিহাসিক মউ স্বাক্ষর
মালয়ালম চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার
রাষ্ট্রসংঘের সম্মান, গর্বিত ভারত — মেজর অভিলাশা বরাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর