February 4, 2026

সিঙ্গুর থেকে তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা, জয়রামবাটি–ময়নাপুর নতুন রেললাইন উদ্বোধন প্রধানমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সিঙ্গুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন তিনি।

নতুন যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস চালু হল, সেগুলি হল—
সাঁতরাগাছি–তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস,
হাওড়া–আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, এবং
শিয়ালদা–বেনারস অমৃত ভারত এক্সপ্রেস
এই ট্রেনগুলির মাধ্যমে দক্ষিণ ও উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজ জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে ১৫ কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে এই নতুন রুটে জয়রামবাটি–ময়নাপুর একটি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করা হয়। এই রেলপথ চালু হওয়ায় বাঁকুড়া ও সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

ভিডিও কনফারেন্সিংয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও সাশ্রয়ী রেল পরিষেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে মূল স্রোতের সংযোগ আরও দৃঢ় করাই সরকারের লক্ষ্য। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি সাধারণ মানুষের জন্য আরামদায়ক ও স্বল্প খরচের যাত্রার নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি মন্তব্য করেন।

রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, এই নতুন প্রকল্পগুলি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন এবং শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Loading