পঞ্চায়েত ও ব্লক অফিসে তালিকা টাঙানোর নির্দেশ, স্বচ্ছ শুনানির উপর জোর
সোমালিয়া ওয়েব নিউজ; রাজ্যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এস আই আর) প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেনসির কারণে যাঁদের নোটিশ পাঠানো হয়েছে, তাঁদের নাম প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে।আজ এক গুরুত্বপূর্ণ নির্দেশে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে, এস আই আর প্রক্রিয়ায় যাঁদের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে, তাঁদের শুনানি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। আদালত স্পষ্ট করেছে, কোনও ভোটারের তথ্য নিয়ে আপত্তি থাকলে তা গোপনীয়ভাবে নয়, বরং নির্দিষ্ট নিয়ম মেনে এবং ন্যায্য পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অভিভাবকদের নামে অসঙ্গতি, বাবা-মায়ের বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য অত্যন্ত কম থাকা-সহ একাধিক কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ২৫ লক্ষ মানুষকে এস আই আর প্রক্রিয়ায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এত বিপুল সংখ্যক নোটিশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিতর্কও তৈরি হয়েছে।এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সময় সংশ্লিষ্ট ব্যক্তি নিজে উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রয়োজনীয় নথি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দেরও স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যেতে পারে।আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কোনওভাবেই নাগরিকের অধিকার খর্ব করা চলবে না। তাই কমিশনকে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রেখে গোটা প্রক্রিয়া পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশের ফলে রাজ্যে এস আই আর প্রক্রিয়া আরও প্রকাশ্য ও জবাবদিহিমূলক হবে বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের