February 4, 2026

বাণী বন্দনার প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত মৃৎশিল্পীরা, গোঘাটের মদিনায় সরস্বতী প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের কাজ, চ্যালেঞ্জের মধ্যেই শিল্পীদের লড়াই

সোমালিয়া ওয়েব নিউজ; আর মাত্র তিন দিন পরই সরস্বতী পুজো। বাণী বন্দনার প্রস্তুতি তুঙ্গে উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। সেই প্রস্তুতিরই প্রতিফলন দেখা যাচ্ছে হুগলির গোঘাটের মদিনা এলাকায়। এখানকার প্রতিমা তৈরির কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা। শেষ মুহূর্তের ফিনিশিং কাজে দিনরাত এক করে খাটছেন মৃৎশিল্পীরা। প্রস্তুতি পর্ব ঘুরে দেখলো সংবাদ সোমালিয়া।

মৃৎশিল্পীরা জানাচ্ছেন, প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় সম্পূর্ণ। এখন চলছে শেষ পর্যায়ের সূক্ষ্ম কারুকার্য ও ফিনিশিং। অনেক বাড়িতেই প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছেন পরিবারের মহিলা ও শিশুরাও। বাড়ির সবাই মিলেই এই সময় কাজ সামলাতে হচ্ছে বলে জানান শিল্পীরা।

তবে কাজের মাঝেই একাধিক সমস্যার মুখে পড়ছেন তাঁরা। মৃৎশিল্পীদের অভিযোগ, প্রতিমা তৈরির উপযোগী মাটির জোগান দিন দিন কঠিন হয়ে উঠছে। কোথাও কোথাও প্রশাসনের তরফ থেকে সাহায্য মিললেও তা পর্যাপ্ত নয় বলে মত শিল্পীদের। মাটির দাম বেড়ে যাওয়ায় প্রতিমার মূল্যও এবছর কিছুটা বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা।

শিল্পীরা আরও জানান, এবছর অনেক স্পেশাল ও থিম ভিত্তিক প্রতিমার অর্ডার মিলেছে। ডাক সাজ এবং মাটির কারুকার্যের উপর প্রতিমা সাজানোর নতুন ট্রেন্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আগামী এক-দু’দিনের মধ্যেই শুরু হবে রঙের কাজ। তার আগে অসমাপ্ত মাটির কাজ শেষ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মৃৎশিল্পীরা।

তবে সবটাই স্বস্তির নয়। আলুর বাজার খারাপ থাকায় গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়েছে, যার প্রভাব পড়েছে প্রতিমার অর্ডারেও। শিল্পীদের দাবি, এবছর প্রতিমার সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম। পাশাপাশি শ্রমিকের অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন প্রজন্ম এই পেশায় তেমনভাবে এগিয়ে আসছে না বলেও আক্ষেপ তাঁদের।

এর ওপর এবছর অন্যান্য বছরের তুলনায় ঠান্ডা বেশি থাকায় প্রতিমা শুকোতে দেরি হচ্ছে। ফলে কাজ করতে বাড়তি অসুবিধার মুখে পড়ছেন মৃৎশিল্পীরা। তবুও সমস্ত বাধা অতিক্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিমা প্রস্তুত করার লক্ষ্যেই এগিয়ে চলেছেন তাঁরা।

সব মিলিয়ে উৎসবের আনন্দ আর বাস্তব জীবনের লড়াই—এই দুইয়ের মেলবন্ধনেই গোঘাটের মদিনায় এখন গড়ে উঠছে বাণী বন্দনার প্রতিমা।

Loading