সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (#SIR) প্রক্রিয়া ঘিরে সাম্প্রতিক অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলা ভাঙার যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন।
এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক (ডিজি) এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে—
পঞ্চায়েত ভবন, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রতিটি শুনানি কেন্দ্রে যথেষ্ট পুলিশি ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক তরজা তুঙ্গে
#SIR ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গতকাল ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় যোগ দিয়ে তিনি বলেন,
ভোটব্যাঙ্কে ভাটা পড়ার আশঙ্কা থেকেই তৃণমূল কংগ্রেস এই বিভ্রান্তি ছড়াচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার কড়া বার্তা
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে—
- তথ্যগত অসংগতি (Information discrepancy)
- লজিক্যাল ডিসক্রিপেন্সি
- আনম্যাপড (Unmapped) ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা
গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে টাঙাতে হবে।
তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটারদের নথি জমা দেওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হবে বলেও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে।

![]()

More Stories
প্রথম দিনেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় লাইভ সম্প্রচার ও বিরোধীদের মর্যাদার আশ্বাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল