সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে বিখ্যাত ল্যাংচার স্বাদ। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের ল্যাংচা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু অন্যান্য জায়গার ল্যাংচার তুলনায় শক্তিগড়ের ল্যাংচার স্বাদ এত আলাদা কেন—তা জানতে একটি ল্যাংচা প্রস্তুতকারক “মামা ভাগ্না” কারখানায় গিয়ে খোঁজ নিল আমাদের প্রতিনিধি।
কারখানা পরিদর্শনে দেখা যায়, ল্যাংচা তৈরির প্রতিটি ধাপে বিশেষ যত্ন নেওয়া হয়। পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হচ্ছে কি না—সেসব বিষয়েও নজর রাখা হয়। কারখানার মালিক জানান, তাঁদের কাছে বৈধ খাদ্য সুরক্ষা লাইসেন্স রয়েছে এবং Food Safety and Standards Authority of India-এর নির্দেশিকা মেনেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়।
ল্যাংচার স্বাদের মূল রহস্য সম্পর্কে কারখানার মালিক পার্থ ঘোষ জানান, প্রধান উপকরণ হিসেবে ছানার ব্যবহারই এখানে বেশি। অনেক জায়গায় ল্যাংচায় ছানার পরিমাণ কম থাকলেও শক্তিগড়ের এই কারখানায় ছানা বেশি দিয়ে তৈরি করা হয়। পাশাপাশি ব্যবহার করা হয় চালের গুঁড়ি, এলাচ, খোয়া ক্ষীর, ময়দা ও গাওয়া ঘি। নির্দিষ্ট অনুপাতে এই উপকরণ মিশিয়ে তবেই তৈরি হয় মিশ্রণ। যেখানে চালের গুঁড়ি বা ময়দার পরিমাণ বেশি হয়, সেখানে ল্যাংচার মান নষ্ট হয়ে যায় বলেই জানান প্রস্তুতকারীরা।
প্রথমে উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে মসৃণ করা হয়। এরপর সাইজ ও দামের ভিত্তিতে মিশ্রণ থেকে লেচি কাটা হয়—স্থানীয় ভাষায় যাকে ‘গোচ কাটা’ বলা হয়। কাটা লেচিগুলিকে হাতে পাকিয়ে সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে ল্যাংচার আকার দেওয়া হয়। তারপর পিওর ডালদায় ধীরে ধীরে ভাজা হয়। এই প্রক্রিয়ায় প্রায় ৩০ মিনিট সময় লাগে। নির্দিষ্ট সময় ভাজার পর ল্যাংচার রং পরিবর্তিত হয়ে সোনালি-বাদামি হয়ে ওঠে।
ভাজার পর প্রথমে গরম পাতলা রসে ডুবিয়ে রাখা হয় ল্যাংচাগুলি। কিছুক্ষণ পর সেগুলিকে তুলে আবার ঘন রসে ডোবানো হয়, যাতে ভেতর পর্যন্ত রস ঢুকে যায় এবং স্বাদে আসে বিশেষত্ব। পুরো প্রক্রিয়ায় ধৈর্য ও দক্ষতার প্রয়োজন হয় বলে জানান কারিগররা।
এই কারখানায় কর্মরত প্রত্যেকেই বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন। তাঁদের হাতের নিপুণতা ও ঐতিহ্যবাহী পদ্ধতিই শক্তিগড়ের ল্যাংচাকে আলাদা পরিচিতি দিয়েছে। ফলে আজও পথচলতি যাত্রী থেকে শুরু করে পর্যটক—সবার কাছেই শক্তিগড় মানেই ল্যাংচার অনন্য স্বাদ।


![]()

More Stories
হ্যাম রেডিও হিরো অফ দ্য ইয়ার ২০২৬ সম্মানে ভূষিত অম্বরীশ নাগ বিশ্বাস
একাধিক অনিয়মে সাত AERO সাসপেন্ড, মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের
সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর পরিষেবা, রোগীদের চাপ কমাতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ