February 15, 2026

সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর পরিষেবা, রোগীদের চাপ কমাতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের ভিড় কমানো এবং চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। এখন থেকে বহু হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) বিকেলেও খোলা থাকবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথম পর্যায়ে সুপার স্পেশ্যালিটি, স্টেট জেনারেল এবং মহকুমা হাসপাতালগুলিতে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত আউটডোর পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তর

প্রাথমিকভাবে প্রায় ৮৫টি সরকারি হাসপাতালে এই নতুন পরিষেবা চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে—

  • ৭১টি সুপার স্পেশ্যালিটি, স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতাল
  • ১৪টি জেলা হাসপাতাল

স্বাস্থ্য দপ্তরের মতে, সকালে আউটডোরে রোগীদের ব্যাপক ভিড়ের কারণে চিকিৎসা পরিষেবা অনেক সময় ব্যাহত হয়। বিকেলেও বহির্বিভাগ চালু থাকলে রোগীরা সুবিধামতো সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং অপেক্ষার সময়ও কমবে।

এই উদ্যোগ কার্যকর হলে গ্রামীণ ও শহরাঞ্চলের রোগীদের চিকিৎসা পাওয়া আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য বিকেলের আউটডোর পরিষেবা বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

ধাপে ধাপে রাজ্যের আরও হাসপাতালকে এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে।

Loading