September 19, 2026

আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

শনিবার একসঙ্গে দেখা যাবে ছয় গ্রহ

সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী শনিবার আকাশে দেখা মিলতে চলেছে এক বিরল মহাজাগতিক দৃশ্যের। একই সঙ্গে ছয়টি গ্রহকে কাছাকাছি অবস্থানে দেখার সুযোগ পাবেন আকাশপ্রেমীরা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন দৃশ্য খুব ঘনঘন দেখা যায় না, ফলে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে।

আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যেতে পারে সৌরজগতের চারটি উজ্জ্বল গ্রহ— বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি। সূর্যাস্তের কিছুক্ষণ পর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম আকাশে তাকালেই এদের খুঁজে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে অপেক্ষাকৃত দূরবর্তী ও কম উজ্জ্বল গ্রহ ইউরেনাস এবং নেপচুন-কে দেখতে হলে প্রয়োজন হবে বাইনোকুলার, দূরবীন বা টেলিস্কোপের। আলো দূষণ কম এমন খোলা জায়গায় গেলে এই বিরল দৃশ্য উপভোগের সম্ভাবনা বাড়বে।

জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, এই ঘটনাকে ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ বলা হয়। যদিও গ্রহগুলি প্রকৃত অর্থে এক সরলরেখায় অবস্থান করে না, পৃথিবী থেকে দেখলে তারা একই অঞ্চলে বা কাছাকাছি বলে মনে হয়। এই কারণেই আকাশে একসঙ্গে একাধিক গ্রহের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৬০ মিনিট পর পর্যবেক্ষণ শুরু করাই শ্রেয়। প্রয়োজনে স্টার-ম্যাপ অ্যাপ ব্যবহার করে গ্রহগুলির অবস্থান নির্ধারণ করা যেতে পারে।

আকাশ পরিষ্কার থাকলে শনিবার সন্ধ্যায় আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক অনন্য অভিজ্ঞতা।

Loading