February 26, 2026

ওয়েব সিরিজের নামে বেলাগাম যৌন দৃশ্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি ওটিটি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারি সূত্রে জানা গিয়েছে, ‘অশ্লীল’ ও আপত্তিকর কনটেন্ট প্রদর্শনের অভিযোগে যেসব অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি হল— মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্মগুলিতে অশালীন ও সামাজিকভাবে আপত্তিকর দৃশ্য অবাধে সম্প্রচারিত হচ্ছিল।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এর আগে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। কিন্তু তা সত্ত্বেও কনটেন্ট সংযমের ক্ষেত্রে কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভারতে বসে আর এই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছিল। সেই সময় ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অ্যাপগুলির মালিকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

ডিজিটাল মাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণে কেন্দ্রের এই পদক্ষেপকে অনেকেই কড়া বার্তা হিসেবে দেখছেন। সরকারের দাবি, সামাজিক মূল্যবোধ ও আইন মেনে চলার ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Loading