সোমালিয়া ওয়েব নিউজঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া থেকে বারৌনি পর্যন্ত মাটির তলা দিয়ে বিস্তৃত ক্রুড অয়েল পাইপলাইন নিয়ে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মক ড্রিল অনুষ্ঠিত হল সাঁকাটি গ্রামে। এই মহড়ায় উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক, স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা।
জানা গেছে, পাইপলাইনে কোথাও ফাটল বা লিকেজ হলে কীভাবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে, কীভাবে সাধারণ মানুষ নিরাপদ দূরত্বে সরে যাবেন এবং কোথায় খবর জানাবেন—এসব বিষয় নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই মক ড্রিলের আয়োজন করা হয়।
মক ড্রিলে দেখানো হয়, হঠাৎ করে মাটির নীচ থেকে তেলের গন্ধ বা তরল পদার্থ বেরোতে দেখা গেলে—
- সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষকে আগুন জ্বালানো বা বৈদ্যুতিক সুইচ ব্যবহার থেকে বিরত থাকতে হবে
- ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে
- তৎক্ষণাৎ স্থানীয় পঞ্চায়েত, থানা অথবা ইন্ডিয়ান অয়েলের জরুরি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে
এলাকার সাধারণ মানুষসহ দমকল, পুলিশ, মহকুমা শাসকের দফতরের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সম্ভাব্য উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা প্রদর্শন করেন।
ইন্ডিয়ান অয়েলের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান,
এই পাইপলাইন সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং নিয়মিত মনিটরিং করা হয়। তবুও নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি। কোনও সন্দেহজনক গন্ধ, মাটি ফেটে তেল বেরোনো বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে।
তিনি আরও বলেন, সংস্থার নিজস্ব ইমার্জেন্সি রেসপন্স টিম ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে এবং খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
হলদিয়া–বারৌনি পাইপলাইন পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ লাইন। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে তা পরিবেশ ও জননিরাপত্তার পক্ষে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তাই গ্রামবাসীদের সরাসরি অংশগ্রহণে এমন মক ড্রিল ভবিষ্যতের ঝুঁকি কমাতে সহায়ক বলেই মনে করছেন প্রশাসনিক মহল।


![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ