February 26, 2026

বিধানসভা ভোটের আগে বহুতলে ৫৭ নতুন বুথের প্রস্তাব

এসআইআর নথি আজ বিকেল ৫টার মধ্যে জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে আরও ৫৭টি বহুতলে নতুন ভোটগ্রহণ কেন্দ্র (বুথ) তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বহুতলগুলিতে ৩০০-র বেশি ভোটার থাকায় ভোটারদের সুবিধার্থে এই পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা ভিত্তিক প্রস্তাব অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় ১৬টি, দক্ষিণ ২৪ পরগণায় ২৫টি, দক্ষিণ কলকাতায় ১টি, উত্তর কলকাতায় ৫টি, হাওড়ায় ৪টি এবং হুগলী ও পূর্ব বর্ধমানে ৩টি করে নতুন বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচন দফতরের এক আধিকারিক জানান, বহুতল আবাসনে ভোটারসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পৃথক বুথের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তবে বুথ পুনর্বিন্যাসের পূর্বতন পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে বলেই সূত্রের খবর। ফলে ভোটগ্রহণের জন্য বর্তমানে যে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে, সেগুলিই বহাল থাকবে।

এদিকে এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত নথি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । যেসব ভোটারের নথি এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি, সেগুলি আজ বিকেল ৫টার মধ্যে জুডিশিয়াল অফিসারদের হাতে তুলে দেওয়ার জন্য ইআরও (ERO) এবং এএইরও (AERO)-দের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হলে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি-র বেঞ্চ এই নির্দেশ দেন।

নির্বাচন ঘিরে প্রশাসনিক তৎপরতা যখন তুঙ্গে, তখন বুথ বাড়ানো এবং নথি যাচাই সংক্রান্ত এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Loading