সোমালিয়া ওয়েব নিউজ: দেশের গণবণ্টন ব্যবস্থাকে (PDS) আরও স্বচ্ছ, আধুনিক এবং জনবান্ধব করে তুলতে একগুচ্ছ দাবি নিয়ে সরব হলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
রেশন দোকানে খাদ্যশস্যের ডোরস্টেপ ডেলিভারি থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মজুতের সুরক্ষা এবং কেরোসিন পুনরায় চালু করার মতো বিষয়গুলি নিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়াকে পৃথক স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।
গুজরাট মডেলে SOP জারির দাবি-
সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, রেশন দোকানে ডোরস্টেপ ডেলিভারি চালুর ক্ষেত্রে ‘গুজরাট মডেল’ অনুসরণ করে একটি স্পষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করা প্রয়োজন। কেন্দ্রীয় খাদ্য সচিবকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, অনেক সময় ডিলারদের অনর্থক সন্দেহের চোখে দেখা হয় এবং ভিত্তিহীন অভিযোগে প্রশাসনিক জটিলতায় পড়তে হয়। স্বচ্ছতা বজায় রাখতে ‘হ্যান্ডলিং লস’ কেন্দ্রীয় সরকারের আওতায় আনা, খোলা বস্তা সেলাই বন্ধ করা এবং দোকানে পণ্য নামানোর সময় ওজন পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছে সংগঠন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মজুতের সুরক্ষা-
বন্যা বা অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক ও দুর্ঘটনাজনিত কারণে দোকানে থাকা সরকারি চাল-গম নষ্ট হলে ডিলাররা চরম অনিশ্চয়তার মুখে পড়েন। ১০ মার্চ দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ক্ষতিগ্রস্ত মজুত কীভাবে সমন্বয় বা নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো বিধি নেই। ফলে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ পেতে সমস্যা হয়। এই সংকট মেটাতে দ্রুত একটি স্থায়ী নিয়ম বা সুরক্ষা নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে।
পিডিএস-এ কেরোসিন ও লভ্যাংশ বৃদ্ধি-
প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে পুনরায় কেরোসিন সরবরাহ চালুর আর্জি জানানো হয়েছে। রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামের মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন অত্যন্ত জরুরি বলে দাবি করেছেন সংগঠনের জাতীয় সভাপতি কাচাম কৃষ্ণমূর্তি।
পাশাপাশি, রেশন ডিলারদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে কমিশন বা মার্জিন এমনভাবে বৃদ্ধির দাবি জানানো হয়েছে যাতে প্রতিটি দোকান থেকে মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের সুযোগ তৈরি হয়। এছাড়াও ‘ভারত’ ব্র্যান্ডের ভর্তুকিযুক্ত পণ্য রেশন দোকানের মাধ্যমে বিতরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বকেয়া দাবি ও প্রশাসনিক জটিলতা-
কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীকে দেওয়া চিঠিতে ফেডারেশন অভিযোগ করেছে যে, রেশন ডিলারদের দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। অনেক ক্ষেত্রে কেন্দ্র নির্দেশ দিলেও রাজ্যগুলি হাতে লেখা খাতা বা রেকর্ড রাখার বাধ্যবাধকতা তুলছে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) সংশোধন করে এই সমস্ত জটিলতা নিরসনের দাবি জানানো হয়েছে।
সংগঠনের দাবি, বর্তমান বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই সরকার এই বিষয়গুলিতে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করুক, যাতে দেশের লক্ষ লক্ষ রেশন ডিলার ও কোটি কোটি গ্রাহক উপকৃত হন।

![]()

More Stories
হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন: নির্ভয়ে ভোটদানের আহ্বান মুখ্য নির্বাচন কমিশনারের
আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ
বিধানসভায় রাজ্যসভার শংসাপত্র গ্রহণ করলেন রাহুল সিনহা