সোমালিয়া ওয়েব নিউজ: পূর্বতন সরকারের ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নতুন করে আবেদন প্রক্রিয়াকেও আরও সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমানে যারা ‘লক্ষীর ভান্ডার’-এর আওতায় নেই, তাঁদের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে যোগ্য মহিলারা সহজেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তিনি আরও জানান, আগামী ১লা জুন থেকেই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো শুরু হবে। প্রশাসনের তরফে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা DBT পদ্ধতিতে টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।সরকারি সূত্রে খবর, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তি বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করতে আধার, ভোটার পরিচয়পত্র এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হবে।মন্ত্রী দাবি করেন, “প্রকৃত প্রাপকদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কোনও ভুয়ো নাম বা অযোগ্য ব্যক্তি যাতে সুবিধা না পান, তার জন্য কড়া নজরদারি রাখা হবে। ”নতুন এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও রাজ্য সরকার দাবি করেছে, মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক সহায়তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন