কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সথীশন

সোমালিয়া ওয়েব নিউজ: দশ দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সথীশন-এর নাম ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাসমুন্সি। তাঁরা জানান, দলের বিধায়ক এবং জোটসঙ্গীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই কেরালার মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। একাধিক নেতার নাম সামনে এলেও শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব ভি ডি সথীশন-এর উপরেই আস্থা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলনেতা হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাই তাঁকে এই দৌড়ে এগিয়ে দিয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় ভি ডি সথীশন বলেন, “কেরালার মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য। উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকেই আমরা গুরুত্ব দেব। ”আগামী কয়েক দিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Loading