সোমালিয়া ওয়েব নিউজ: আরব সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে হামলার মুখে পড়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। জাহাজটির নাম ‘হাজি আলি’ (MSV Haji Ali) বলে জানা গিয়েছে। এটি একটি ভারতীয় পতাকাবাহী কাঠের বাণিজ্যিক জাহাজ বা ধৌ (dhow), যা সোমালিয়ার বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাহাজটিতে পশু পরিবহণ করা হচ্ছিল বলে আন্তর্জাতিক সামুদ্রিক সূত্রে খবর। বুধবার ভোররাতে ওমানের উপকূলের কাছে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র জাতীয় কোনো বিস্ফোরক বস্তু জাহাজটিতে আঘাত হানে। হামলার পরেই জাহাজে আগুন লেগে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলি। জাহাজে মোট ১৪ জন নাবিক ও কর্মী ছিলেন। তাঁদের সকলকেই ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার করে নিরাপদে ওমানের দিব্বা বন্দরে নিয়ে যায়। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, সমস্ত ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের বারবার নিশানা করা উদ্বেগজনক।” ভারত সরকার আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে। এখনও পর্যন্ত কোনো সংগঠন বা দেশ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পশ্চিম এশিয়ায় চলতে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালী এলাকায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণ এই জলপথ দিয়ে হয়, ফলে এই অঞ্চলে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
![]()

More Stories
নেপালে ভয়াবহ হড়পা বান, মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪
নেপালে হড়পা বানে মৃতদের দেহ শনাক্তে ভারতীয় ফরেন্সিক দলের ডিএনএ পরীক্ষা
নিউইয়র্কে মোহন ভাগবতের বার্তা: ‘হিন্দুত্ব প্রতিটি মানুষকে সম্মান করতে শেখায়