মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পরিচয় ঘিরে বিতর্ক, রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

কলকাতা হাইকোর্টে গাউন পরে উপস্থিতির পরই পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে জরুরি চিঠি BCI-এর

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য রাজনীতিতে নতুন করে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে উপস্থিতিকে ঘিরে। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে একটি জরুরি চিঠি পাঠিয়ে তাঁর আইনজীবী হিসেবে বর্তমান মর্যাদা ও প্র্যাকটিস সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে। ১৪ মে ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়েছে, কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেটের পোশাক— সাদা ব্যান্ড ও কালো গাউন পরে মমতা বন্দ্যোপাধ্যায়-এর উপস্থিতির পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও BCI এখনও বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত মত প্রকাশ করেনি, তবে আইন অনুযায়ী তাঁর এনরোলমেন্ট ও প্র্যাকটিসের বর্তমান অবস্থান যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে তারা। চিঠিতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে আগামী দুই দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর এনরোলমেন্ট নম্বর, কবে তিনি আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন, বর্তমানে তাঁর নাম State Roll of Advocates-এ সক্রিয় আছে কিনা, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্র্যাকটিস স্থগিত করেছিলেন কিনা এবং পরে পুনরায় প্র্যাকটিস শুরুর কোনো আবেদন করেছিলেন কিনা। পাশাপাশি তাঁর Certificate of Practice বর্তমানে Active, Suspended নাকি অন্য কোনো অবস্থায় রয়েছে, সেটিও জানাতে বলা হয়েছে।শুধু তথ্য নয়, সংশ্লিষ্ট সমস্ত অফিসিয়াল রেকর্ড, inward register, file noting, correspondence file এবং অন্যান্য নথির সত্যায়িত কপিও চাওয়া হয়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া আরও নির্দেশ দিয়েছে যে, এই সমস্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল ও সমসাময়িক রেকর্ডের ভিত্তিতেই দিতে হবে। এমনকি মূল নথি যাতে কোনোভাবেই পরিবর্তন, সংশোধন বা পুনর্গঠন না করা হয়, সেই বিষয়েও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের Advocates Act এবং Bar Council Rules অনুযায়ী, কোনো ব্যক্তি দীর্ঘ সময় সাংবিধানিক পদে থাকার পরে পুনরায় আইন পেশায় ফিরতে চাইলে তার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বিশেষত, সক্রিয় আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার জন্য Certificate of Practice বৈধ ও কার্যকর থাকা জরুরি। সেই কারণেই BCI এই বিষয়টিকে কেবল রাজনৈতিক নয়, পেশাগত ও আইনি শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেও দেখছে।রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, আইন ও নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত এবং বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার। অন্যদিকে তৃণমূল ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটি সম্পূর্ণ আইনি ও প্রক্রিয়াগত বিষয়, এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়ানো উচিত নয়। সোশ্যাল মিডিয়াতেও ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পরে সরাসরি আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কী কী আনুষ্ঠানিকতা মানা প্রয়োজন ছিল। আবার অন্য অংশের মত, একজন আইনজীবী হিসেবে তাঁর পূর্ব পরিচয় থাকায় বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে।এখন নজর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের জবাবের দিকে। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে নতুন আইনি ও রাজনৈতিক বিতর্ক সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Loading