প্রশাসনিক পুনর্গঠনের নির্দেশে জারি নোটিস, আশুতোষ কলেজে যোগদানের নির্দেশ
সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে প্রিয়দর্শিনী মল্লিক-কে সরিয়ে দেওয়ার ঘটনায়। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-এর কন্যা। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রশাসনিক পুনর্গঠনের সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে অবিলম্বে West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)-এর সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তাঁর মূল কর্মস্থল অর্থাৎ কলকাতার আশুতোষ কলেজ-এ সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নথিতে এই সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ বলা হলেও রাজনৈতিক মহলে অন্য ব্যাখ্যাও সামনে আসছে। সূত্রের দাবি, পদত্যাগ করতে অস্বীকার করায় শেষ পর্যন্ত সরকার তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি। শিক্ষা মহলের একাংশের মতে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হঠাৎ এই ধরনের প্রশাসনিক পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বড়সড় রদবদল শুরু হয়েছে। সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত “Competent Authority”-র অনুমোদনক্রমেই নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও শিক্ষা মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-এর পরিবারের সদস্য হওয়ায় বিষয়টি আরও বেশি রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ