উত্তরবঙ্গে প্রথম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উচ্ছ্বাসে স্বাগত সমর্থকদের

সোমালিয়া ওয়েব নিউজ: শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন। সোমবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। বিমানবন্দর থেকে তিনি প্রথমে যান ভারতীয় জনতা পার্টি-র পার্টি অফিসে। সেখানে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করার পর রওনা দেন উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা-র উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইধারে ভিড় জমায় অসংখ্য মানুষ ও বিজেপি সমর্থকরা। ঢাক-ঢোল, গীতিনৃত্য এবং ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।উত্তরকন্যায় পৌঁছে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সূত্রের খবর, উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, পর্যটন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। তবে সফর ঘিরে জল্পনা থাকলেও উত্তরকন্যায় কোনও সাংবাদিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজু বিস্তা এবং শঙ্কর ঘোষ। তাঁরা মুখ্যমন্ত্রীর সফরকে উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। দিনভর প্রশাসনিক ব্যস্ততা শেষে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাঁর এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে।

Loading