রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর বিজ্ঞপ্তি জারি

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করল। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, পেনশনভোগী, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধা পাবেন না। পাশাপাশি আয়কর প্রদানকারী মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন।

সরকার জানিয়েছে, বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অধীনে থাকা অধিকাংশ উপভোক্তাকেই নতুন ‘অন্নপূর্ণা যোজনা’-য় স্থানান্তর করা হবে। তবে মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া উপভোক্তাদের ক্ষেত্রে বিশেষ যাচাই করা হবে।

নতুন আবেদনকারীদের জন্য আগামী ১ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। এজন্য চালু করা হবে পৃথক “অন্নপূর্ণা যোজনা পোর্টাল”। আবেদনপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন প্রশাসনের অনুমোদিত আধিকারিকরা। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবে কলকাতা পুরনিগম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জেলা শাসকরা সংশ্লিষ্ট জেলার অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। কলকাতা পুর এলাকায় অনুমোদনের দায়িত্ব থাকবে কলকাতা পুরনিগম কমিশনারের হাতে।

রাজ্য সরকারের দাবি, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং সামাজিক অবস্থানের উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মহিলাদের জন্য এটি একটি বড় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Loading