September 19, 2026

পশুবলি মামলায় রাজ্যের নির্দেশিকায় হস্তক্ষেপ নয়, জানাল কলকাতা হাইকোর্ট

সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতা হাইকোর্ট পশুবলি সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকায় কোনওরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করল। শুক্রবার এই সংক্রান্ত মোট ১১টি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেন-এর ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে কয়েকটি মামলা ছাড়া কার্যত অধিকাংশ আবেদনই খারিজ করে দেয় আদালত।

আদালত স্পষ্ট জানিয়েছে, পশুবলি নিয়ে রাজ্য সরকারের যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই। পাশাপাশি বকরি ঈদ উপলক্ষে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তও রাজ্য সরকারের উপরেই ছেড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এই মামলাগুলিতে আবেদনকারীদের একাংশের দাবি ছিল, পশুবলি সংক্রান্ত বিধিনিষেধ ও নির্দেশিকায় অসঙ্গতি রয়েছে এবং ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণের পর আপাতত রাজ্যের অবস্থানই বহাল থাকল বলে মনে করছে আইন মহল। বকরি ঈদকে সামনে রেখে আদালতের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Loading