সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নিয়ম কার্যকর

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে কেনাকাটা, পরিষেবা গ্রহণ এবং সরকারি কাজের বরাত প্রদানের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থ দপ্তরের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর, সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন বা সিভিসি-র নির্ধারিত নির্দেশিকা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি টেন্ডার আহ্বান, ঠিকাদার নির্বাচন, পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক দরপত্র, নিরপেক্ষ মূল্যায়ন এবং দুর্নীতি রোধে কঠোর নজরদারির উপর জোর দেওয়া হয়েছে।

অর্থ দপ্তরের মতে, এই পদক্ষেপের ফলে সরকারি খরচের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে এবং অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ অনেকটাই কমবে। প্রশাসনিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা কার্যকর হলে সরকারি প্রকল্প বাস্তবায়নে আরও স্বচ্ছ ও আধুনিক পদ্ধতি অনুসরণ করা সম্ভব হবে।

Loading