সোমালিয়া ওয়েব নিউজ: সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ের পর ফের নতুন ধাপে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর।
সরকারি সূত্রের খবর, এই জমিতে বিএসএফ-এর নতুন আউটপোস্ট নির্মাণের পাশাপাশি কাঁটাতারের বেড়া তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত ঘেঁষা অপরাধমূলক কার্যকলাপ রুখতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনিক মহলের মত।
এখনও পর্যন্ত জেলা ভিত্তিক জমি হস্তান্তরের পরিমাণ হলো—
- কোচবিহার — ২২.৯৫ একর
- জলপাইগুড়ি — ৩৫.১৬৫ একর
- দার্জিলিং — ৮.৮১৫ একর
- উত্তর দিনাজপুর — ২.৮৪ একর
- দক্ষিণ দিনাজপুর — ২০.১৭০১ একর
- মালদা — ১০.৯০ একর
- মুর্শিদাবাদ — ৩৮.৮০৫ একর
- নদীয়া — ০.৫৫ একর
- উত্তর ২৪ পরগনা — ২.৬ একর
রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ৪৫ দিনের মধ্যে মোট ৬০০ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। সেই লক্ষ্যপূরণের পথে ১৪২.৭৯ একর জমি হস্তান্তরকে প্রশাসনিক মহল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা জোরদার হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাবোধও বাড়বে। পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগ আরও কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে।

![]()

More Stories
প্রেম থেকে প্রতিবাদ—১২৮তম জন্মজয়ন্তীতে ফের উচ্চারিত কাজী নজরুল ইসলামের আদর্শ
বীরভূমে পাথর রাজস্ব আদায়ে বড় সাফল্যের দাবি বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি