প্রেম থেকে প্রতিবাদ—১২৮তম জন্মজয়ন্তীতে ফের উচ্চারিত কাজী নজরুল ইসলামের আদর্শ

সোমালিয়া ওয়েব নিউজ: আজ ১১ই জ্যৈষ্ঠ। প্রেম, সাম্য ও বিদ্রোহের অগ্নিকবি কাজী নজরুল ইসলামের ১২৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে রাজ্যজুড়ে। বর্ধমান জেলার চুরুলিয়ায় অবস্থিত তাঁর জন্মভিটে ও নজরুল একাডেমিতে এই বিশেষ দিন উপলক্ষে দিনভর নানা সাংস্কৃতিক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘দুখু মিঞা’ নামে পরিচিত এই মহান কবি তাঁর লেখনীতে যেমন প্রেমের সুর তুলেছেন, তেমনই অন্যায়, শোষণ, কুসংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন বিদ্রোহের ভাষায়। বাংলা সাহিত্য ও সংগীত জগতে তাঁর অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আবৃত্তি, নজরুলগীতি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রান্তের শিল্পী, সাহিত্যিক ও নজরুলপ্রেমীরা। বর্তমান আধুনিক সমাজব্যবস্থায় যখন দুর্নীতি, অবক্ষয়, অসহিষ্ণুতা, ভোগবাদী সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের সংকট ক্রমশ বাড়ছে, তখন নজরুলের কবিতা ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর কবিতায় বারবার উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যের ডাক এবং মানবতার জয়গান। বিদ্রোহী কবিতায় তিনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। আবার সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে তিনি লিখেছিলেন মানবতার কথা। তাঁর লেখনীতে ধর্ম নয়, মানুষই ছিল সবচেয়ে বড় পরিচয়। নজরুল বিশ্বাস করতেন, সমাজে দুর্নীতি ও অবক্ষয় রুখতে হলে যুব সমাজকে সচেতন, প্রতিবাদী ও মানবিক হতে হবে। তাই আজকের প্রজন্মের কাছেও তাঁর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ—অন্যায়ের সঙ্গে আপস নয়, সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়।

Loading