February 4, 2026

মাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েও পড়া বন্ধ হতে বসেছে স্কুলের ফার্স্ট বয়ের

সোমালিয়া ওয়েব নিউজ: মাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েও পড়াশোনা বন্ধের মুখে গোঘাটের সাতবেড়িয়া হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ ভট্টাচার্যের। অথচ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বরাবরই স্কুলে সে প্রথম হয়ে এসেছে। কিন্তু পরিবারের আর্থিক অনটন তার ভবিষ্যতকে অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। উল্লেখ্য, গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতবেড়িয়া একটি প্রত্যন্ত গ্রাম।  সৌম্যদীপের বাবা শ্যামল ভট্টাচার্য গৃহশিক্ষকতা করে কোনরকমে হাজার দু’য়েক টাকা রোজগার করতেন। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে তাও বন্ধ। এছাড়া মাত্র সাত কাঠা জমি রয়েছে। সেই জমি থেকে যা আয় হয় তাতে সংসারটুকুও চলে না। মাটির বাড়িতে কোনরকমে বসবাস। সৌম্যদীপরা দুই বোন ও এক ভাই। বড়দির বিয়ে হয়ে গেছে। ছোটদি গ্র্যাজুয়েশন করে বিএড পড়ছে। তারও খরচ রয়েছে। এই অবস্থায় এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮২ নম্বর পেয়েছে সৌম্যদীপ। তার ইচ্ছা, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়া। কিন্তু উচ্চমাধ্যমিকে বই কেনা থেকে আরম্ভ করে টিউশন খরচ কিভাবে যোগাবে ভেবে পাচ্ছেন না বাবা-মা। মা নমিতাদেবী বলেন, মাধ্যমিকে স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রাইভেট টিউটর অনেক সাহায্য করেছেন। তাঁরা পাশে না দাঁড়ালে ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু আগামী দিনে ছেলেকে কিভাবে পড়াবো ভেবে পাচ্ছি না। তাই কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে তাহলে ছেলে আগামী দিনে তার স্বপ্নপূরণ করতে পারবে। যোগাযোগ: ৬২৯৬৬৬৮২৪২

Loading