সোমালিয়া ওয়েব নিউজ: উচ্চমাধ্যমিকের ফলাফলে নম্বরে গরমিলের অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখালেন ছাত্রী ও তাদের অভিভাবকেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ উচ্চবালিকা বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে মূল্যায়নের কথা জানিয়েছিল সেই অনুযায়ী ছাত্রীদের নম্বর যা পাওয়ার কথা তার থেকে বেশিরভাগ ছাত্রীই ১৫ থেকে ২৫ নম্বর কম পেয়েছে। এই বছর এই স্কুল থেকে ২৬২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদিন প্রায় শতাধিক ছাত্রী ও তাদের অভিভাবক স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। দু’বছর আগে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান পেয়েছিল এই স্কুলের দেবলীনা দাস। দেবলীনার বাবা গৌতম দাস জানান, এই স্কুল একাদশ শ্রেণির পরীক্ষাতে সবসময়ই কিছুটা কম নম্বর দেয়। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, একাদশ শ্রেণিতে কিছু কম নম্বর পেলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট হবে। অথচ এ বছর একাদশ শ্রেণি ও মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করেই ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি হয়েছে। যার ফল ভোগ করতে হয়েছে এই স্কুলের ছাত্রীদের। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, সেই নম্বর অনুযায়ী ধরলেও তাঁর মেয়ের ৪৮৩ নম্বর পাওয়ার কথা। কিন্তু যে রেজাল্ট এসেছে তাতে দেখা যাচ্ছে ৪৬৩ নম্বর। অর্থাৎ নির্দিষ্ট নম্বর থেকে কুড়ি নম্বর কম পেয়েছে। কেন কুড়ি নম্বর কম পেল তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে এই অভিযোগ শুধু তাঁরই নন, প্রায় শতাধিক অভিভাবক ও ছাত্রীরা এদিন স্কুলে গিয়ে একই কারণে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রধান শিক্ষিকাকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ দেরিতে একাদশ শ্রেণীর রেজাল্ট পাঠানোর জন্যই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী নম্বর দিয়ে দিয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই ঘটনায় তাঁরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে বলেন, সংসদের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু সঠিক সময়েই সংসদে পাঠানো হয়েছিল। তারপরেও কেন ছাত্রীরা কম নম্বর পেল তা নিয়ে সংসদের আঞ্চলিক অফিসে আমরা যোগাযোগ করছি। ছাত্রীদের কথা ভেবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করছি।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত