নবান্নে সেনসাস সম্মেলন: ১ আগস্ট থেকে জনগণনার সূচনা ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে আগামী ১লা আগস্ট থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জনগণনার কাজ। আজ নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত জেলাশাসক তথা প্রিন্সিপাল সেনসাস অফিসারদের সম্মেলনের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে দু’দফায় জনগণনা সম্পন্ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার গত বছরের ১৬ই জুন জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে ১৬ই মে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ই মে নতুন করে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দ্রুত প্রশাসনিক প্রস্তুতি শুরু করা হয়েছে।

সরকারি সূচি অনুযায়ী, জনগণনার প্রথম পর্যায়ে আগামী ১ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত চলবে “সেলফ এনিউমিরেশন” বা স্ব-নথিভুক্তিকরণ প্রক্রিয়া। এই পর্যায়ে নাগরিকরা নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।

এরপর দ্বিতীয় পর্যায়ে ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে আধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন এবং ডিজিটাল প্রশ্নমালায় মোট ৩৩টি প্রশ্ন থাকবে।

রাজ্য প্রশাসনের দাবি, ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে। একইসঙ্গে জনগণনার তথ্য ভবিষ্যতের প্রশাসনিক পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, সামাজিক পরিসংখ্যান এবং সরকারি পরিষেবা বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Loading