সোমালিয়া ওয়েব নিউজ: ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে আজ উত্তর কলকাতার বাগবাজারে ঐতিহাসিক ‘মায়ের বাড়ি’-তে পালিত হচ্ছে শ্রীশ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ দিবস। ভোর থেকেই মায়ের বাড়িতে ভক্তদের ভিড় চোখে পড়ে। দিনভর মঙ্গল আরতি, বিশেষ পূজা, পাঠ, ভজন-সঙ্গীত, মা সারদার জীবন ও বাণী নিয়ে আলোচনা-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তদের জন্য রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও।মঠ ও মিশনের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে সকাল থেকেই শুরু হয় ধর্মীয় আচার। দেশ-বিদেশের বহু ভক্ত ও অনুরাগী এদিন বাগবাজারে এসে প্রণাম নিবেদন করেন এবং পূজা-অর্চনায় অংশ নেন। ভক্তিমূলক গান ও ধর্মীয় আলোচনায় মুখর হয়ে ওঠে গোটা মায়ের বাড়ি প্রাঙ্গণ।উল্লেখ্য, ১৯০৯ সালের ২৩ মে শ্রীশ্রী মা সারদা দেবী প্রথম বাগবাজারের ‘মায়ের বাড়ি’-তে পদার্পণ করেছিলেন। পরবর্তীকালে তিথি অনুসারে প্রতি বছর এই শুভ পদার্পণ দিবস পালিত হয়ে আসছে। রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে বাগবাজারের ‘মায়ের বাড়ি’ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জীবনের দীর্ঘ সময় এখানে কাটিয়েছিলেন মা সারদা এবং অসংখ্য ভক্তকে তিনি এখান থেকেই স্নেহ, আশীর্বাদ ও আধ্যাত্মিক দীক্ষা প্রদান করেছিলেন।এদিনের পুণ্য তিথিকে কেন্দ্র করে সকাল থেকেই বাগবাজারের মায়ের বাড়িতে ভক্তদের ঢল নামে। ভক্তদের একাংশের মতে, মা সারদার শুভ পদার্পণ দিবস কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মাতৃস্নেহ, মানবসেবা ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে স্মরণ করার এক বিশেষ দিন।

![]()

More Stories
বাজেট প্রস্তুতি নিয়ে দিল্লিতে অর্থমন্ত্রীর বৈঠক
মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন-কাণ্ডে ডা. মহম্মদ আলাউদ্দিনের সাসপেনশন প্রত্যাহার
প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযান, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী