রাজ্য পুলিশের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ দেবে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত হল মৌ চুক্তি

সোমালিয়া ওয়েব নিউজ:অপরাধ মোকাবিলা থেকে উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ থেকে নতুন ফৌজদারি আইন সম্পর্কে দক্ষতা বৃদ্ধি—বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের সক্ষমতা বাড়াতে এগিয়ে এল রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ)। এই লক্ষ্যে রাজ্য পুলিশের সঙ্গে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষরিত হয়েছে।কলকাতায় আজ এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক কল্পেশ ওয়ান্দ্রা জানান, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীদের আধুনিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।অধ্যাপক ওয়ান্দ্রা জানান, চুক্তির আওতায় সাইবার সুরক্ষা, উপকূল ও মেরিটাইম নিরাপত্তা, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), মানব পাচার রোধ এবং সাধারণ মানুষের সহায়তায় পুলিশি পরিষেবাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। তাঁর মতে, দ্রুত পরিবর্তিত অপরাধের ধরন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও জানান, দেশের ২৭টি রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় স্তরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণামূলক কর্মসূচি পরিচালনা করছে।এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ওয়ান্দ্রা বলেন, বর্তমানে সারা দেশে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সাতটি ক্যাম্পাস রয়েছে। এর প্রধান কার্যালয় গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। এছাড়া খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরে একটি নতুন ক্যাম্পাস চালু হবে এবং আগামী বছর লাদাখেও বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু করার পরিকল্পনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ পুলিশের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং আধুনিক অপরাধ মোকাবিলার পাশাপাশি জনমুখী পুলিশি পরিষেবা প্রদানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

Loading