September 20, 2026

ইসরোর ‘ইউভিকা-২০২৬’-এ সাফল্যের নজির, বাঁকুড়ার কৃতি সন্তান অঙ্কিত পানের সাফল্যে গর্বিত জেলা

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র মর্যাদাপূর্ণ যুব বিজ্ঞানী কর্মসূচি ‘ইউভিকা-২০২৬’ (YUVIKA-2026)-এ অসাধারণ সাফল্য অর্জন করে রাজ্য তথা বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল কোতুলপুরের কারকবেড়িয়া গ্রামের কৃতি ছাত্র অঙ্কিত পান। মেধা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মহাকাশ গবেষণার সঙ্গে নিজেকে যুক্ত করে অঙ্কিত প্রমাণ করে দিয়েছে যে, গ্রাম বাংলার মাটিতেও লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা। বর্তমানে অঙ্কিত জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। তাঁর বাবা অনুপ কুমার পান একজন ব্যবসায়ী এবং মা অর্চনা পান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল অঙ্কিতের। পাশাপাশি খেলাধুলার প্রতিও তার সমান উৎসাহ রয়েছে। বিজ্ঞানের প্রতি বিশেষ অনুরাগ থেকেই কয়েক বছর আগে সে নিজেই একটি রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করেছিল। রোবোটিক্স এবং আধুনিক প্রযুক্তি নিয়ে তার আগ্রহ বরাবরই প্রবল। অঙ্কিত জানিয়েছে, এর আগে একবার ইউভিকা কর্মসূচিতে অংশগ্রহণের চেষ্টা করলেও সফল হতে পারেনি। তবে হাল ছাড়েনি। দ্বিতীয়বারের চেষ্টায় তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবারের ইউভিকা-২০২৬ কর্মসূচিতে সারা দেশ থেকে প্রায় চার লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১১ জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছে এবং তাদের মধ্যে অঙ্কিত চতুর্থ স্থান অধিকার করেছে, যা অত্যন্ত গর্বের বিষয়। ইসরোর উদ্যোগে আয়োজিত ১১ দিনের এই আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে অঙ্কিত মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। যাতায়াত, থাকা-খাওয়া-সহ সমস্ত খরচ বহন করেছে ইসরো। প্রশিক্ষণ চলাকালীন অঙ্কিত ইসরোর লোগোযুক্ত টি-শার্ট, জ্যাকেট ও ব্যাগের পাশাপাশি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালও পেয়েছে। কর্মসূচির শেষে তাকে স্মারক পদক, শংসাপত্র এবং বিশেষ সম্মান প্রদান করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে অঙ্কিত এবং তার দল একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করে। তাদের গবেষণার বিষয় ছিল— “Tracking of Urban Air Pollution Using Satellite Data”। উপগ্রহের তথ্য ব্যবহার করে শহুরে বায়ুদূষণের গতিপ্রকৃতি বিশ্লেষণের এই বিষয়টি বিজ্ঞানীদের কাছ থেকেও প্রশংসা অর্জন করে। এই প্রেজেন্টেশনের ভিত্তিতেই অঙ্কিত বিশেষ শংসাপত্র লাভ করে। অঙ্কিতের এই বিরল সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা বাঁকুড়া জেলাজুড়ে। পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সকলেই গর্বিত। তাঁদের মতে, অঙ্কিতের এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। গ্রাম বাংলার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ মহাকাশ গবেষণা সংস্থার যুব বিজ্ঞানী কর্মসূচিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে অঙ্কিত পান প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন দেখার সাহস এবং কঠোর পরিশ্রম থাকলে সাফল্যের আকাশ ছোঁয়া অসম্ভব নয়। বাঁকুড়ার এই কৃতী সন্তান আজ শুধু নিজের পরিবার বা বিদ্যালয়ের নয়, সমগ্র জেলার গর্ব।

Oplus_16908288

Loading