সোমালিয়া ওয়েব নিউজ: রূপনারায়ণের বাঁধ ভেঙে জল ঢোকার পর আশেপাশের কয়েকটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বন্যার জলে তাঁদের দোতলা বাড়িটিও ধীরে ধীরে হেলতে শুরু করেছিল। যেভাবেই হোক উদ্ধার করে প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন প্রান্তে ফোন করে করুণ আকুতি পরিবারের অন্যান্য সদস্যদের। কিন্তু ওই পরিবারেরই ১০১ বছরের বৃদ্ধা জাহ্নবী সামন্তের কাছে জীবনের মায়ার থেকে ভিটেমাটির মায়া ওই মুহূর্তে অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই প্রায় ৩৬ ঘন্টা পর যখন সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া সকলেই আনন্দে আত্মহারা, তখন ওই বৃদ্ধা তাঁদের বিপদজনক বাড়ি ছেড়ে বের হতে রাজি হচ্ছিলেন না। তাই ওই বাড়িতে আটকে থাকা আশেপাশের পরিবার মিলিয়ে ২৭ জনকে সেনারা উদ্ধার করে নিয়ে এলেও কিছুতেই তাঁকে বের করে আনতে পারেননি। ওই বৃদ্ধা পরিষ্কার জানিয়ে দেন, তাঁর স্বামী সেনাবাহিনীর চাকরি ছেড়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। এটা তাঁর স্বামীর ভিটে। এই বাড়িতেই তাঁর সারাটা জীবন কেটেছে। তাই এই বাড়ি ছেড়ে তিনি কিছুতেই যাবেন না। মরতে হলে এই বাড়িতে থেকেই মরবেন। তাই বাধ্য হয়ে তাঁর সঙ্গে থেকে যেতে হয়েছিল তাঁর এক ছেলে রঘুনাথ সামন্তকেও। ততক্ষণে পরিবারের অন্যান্য সদস্যদেরকে সেনাবাহিনীর হেলিকপ্টার তিন দফায় উদ্ধার করে আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাডে নিরাপদে পৌঁছে দিয়েছে। শেষবার সেনাকর্মীরা হেলিকপ্টার নিয়ে গিয়েও ব্যর্থ হয়ে আবার আরামবাগ হেলিপ্যাডে ফিরে আসেন। তারপর ওই পরিবারের দু’জন সদস্যকে আবার নিয়ে গিয়ে তাঁর কাছে পৌঁছান। তাঁকে দফায় দফায় বোঝানো শুরু হয়। শেষ পর্যন্ত সেনারা তাঁকে হেলিকপ্টারের তুলতে সক্ষম হন। আরামবাগে হেলিপ্যাডে নেমে শতায়ু বৃদ্ধা বলেন, ওটা স্বামীর ভিটে। তাই সেই ভিটে ছেড়ে আসতে চাইনি। কিন্তু সকলের কথা ভেবে শেষ পর্যন্ত ভিটে ছেড়ে আসতেই হল। তিনি জানালেন, জীবনে এত বড় বন্যা এর আগে কখনও দেখেননি। চারদিকে জল আর জল ভয়ঙ্কর দৃশ্য। এদিকে তিনি হেলিপ্যাডে আরামবাগে পৌঁছানোর পর স্বাস্থ্যকর্মীরা তাঁর সবরকম দেখভাল করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক দীপাপ প্রিয়া পি, আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী, হুগলি অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব প্রমূখ।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত