কলকাতার শিশির মঞ্চে ‘নির্ভীক সাংবাদিক সম্মান’ প্রদান, আরামবাগ টিভির শফিকুল ইসলাম সম্মানিত

সোমালিয়া ওয়েব নিউজ: সত্যনিষ্ঠ, নির্ভীক এবং সমাজমুখী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী শিশির মঞ্চে আয়োজিত হল ‘নির্ভীক সাংবাদিক সম্মান’ প্রদান অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের তাঁদের নিষ্ঠা, সাহসিকতা এবং জনস্বার্থে নিরলস কাজের জন্য এই সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সি, ঋতব্রত ভট্টাচার্য, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং সাংবাদিক মহলের বহু সদস্য। অনুষ্ঠানে সাংসদ শমীক ভট্টাচার্য-সহ কয়েকজন বিধায়কও উপস্থিত থেকে সম্মানপ্রাপকদের অভিনন্দন জানান।

এবারের অনুষ্ঠানে হুগলির আরামবাগ থেকে ‘আরামবাগ টিভি’-র সাংবাদিক শফিকুল ইসলাম তাঁর নির্ভীক, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘নির্ভীক সাংবাদিক সম্মান’ লাভ করেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, প্রশাসনিক বিষয়, গ্রামীণ উন্নয়ন এবং জনস্বার্থমূলক নানা সংবাদ তুলে ধরার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘নির্ভীক সাংবাদিক সম্মান’পেয়েছেন “নবান্নে নিমন্ত্রণ” এর দীপঙ্কর মণ্ডল, “বঙ্গ টিভির” রোজিনা রহমান-সহ আরো অন্যান্য সাংবাদিকরা, সামাজিক ক্ষেত্রে এই সমস্ত সাংবাদিকদের গুরুত্ব যথেষ্ট। বক্তারা বলেন, সংবাদমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজকে সঠিক তথ্য প্রদান, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে। সেই দায়িত্ব পালনে যাঁরা সাহসিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করছেন, তাঁদের সম্মান জানানো সমাজের দায়িত্ব।

অনুষ্ঠানের শেষে সম্মানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে স্মারক, উত্তরীয় এবং সম্মানপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই ধরনের সম্মাননা সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নির্ভীক ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় উৎসাহিত করবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Loading