পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এই হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে ইরানকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, ইরানের সংবাদমাধ্যমের দাবি, দেশটির দক্ষিণাঞ্চলের জাস্ক, বান্দর আব্বাস ও সিরিক শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রশাসনের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা ও পাল্টা উত্তেজনা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হওয়ায় এই অঞ্চলে সংঘাত বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থিনীতিতেও তার প্রভাব পড়ার আশঙ্খা আছে।

Loading