সোমবার থেকে শুরু হল দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আর প্রথম দিনই আরামবাগ মহকুমার প্রতিটি ক্যাম্পে উপচে পড়া ভিড়। এবার প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় বিভিন্ন স্কুল-কলেজে এই ক্যাম্প করা হয়েছে। গোঘাট দু’নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প হয়েছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠে। এদিন ভোর থেকেই সেখানে লাইন পড়ে যায়। লাইনে দাঁড়ানো বেশিরভাগ মানুষই জানান, তাঁরা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেবেন। এছাড়াও স্বাস্থ্যসাথী সহ অন্যান্য প্রকল্পের জন্যও অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। তবে দীর্ঘক্ষণ লাইনে থাকার ফলে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। কামারপুকুর লাহাবাজারের বাসিন্দা রেবা রায় পড়ে গিয়ে কোমরে চোট পান। তখন সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি ও অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা তাঁকে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে ক্যাম্পে পুলিশি নজরদারি থাকায় তেমন কোন অব্যবস্থা চোখে পড়েনি। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে গতবার অনেকেই আবেদন করেননি। তাঁদেরকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু যখন দেখলেন সবাই এই সব প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন তাই এবার আরও অনেক বেশি মানুষ আবেদন জমা করছেন। এছাড়া এবারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের সাড়া চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে আস্থা আছে মানুষের এই ভিড় তা প্রমাণ করে। তবে সবকিছুই কোভিড বিধি মেনেই করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আরামবাগ পুরসভার পক্ষ থেকে এদিন পারুল শ্রীরামকৃষ্ণ সারদা হাইস্কুলে ক্যাম্প করা হয়। সেখানে পুর প্রশাসক স্বপন নন্দী জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকলকে মাস্ক দেওয়া হচ্ছে। যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য সবার হাতে কুপন দেওয়া হচ্ছে। এরপর কুপনের নম্বর অনুযায়ী নাম ধরে ডেকে ফর্ম দেওয়া হচ্ছে। এদিন এই ক্যাম্প পরিদর্শন করেন আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভি।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত