September 19, 2026

জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স

সোমালিয়া ওয়েব নিউজ: জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯-এ সংশোধনের প্রস্তাব এনে দেশে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স (Bike Ambulance) চালুর পথ সুগম করতে চায় কেন্দ্র।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলভিত্তিক অ্যাম্বুল্যান্সকে একটি স্বতন্ত্র যানবাহন শ্রেণি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এই পরিষেবার মূল লক্ষ্য হল দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে চিকিৎসাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করা। বিশেষ করে গ্রামীণ, দুর্গম ও পাহাড়ি অঞ্চলে, যেখানে চার-চাকার অ্যাম্বুল্যান্স পৌঁছাতে সময় লাগে বা পৌঁছানো সম্ভব হয় না, সেখানে এই পরিষেবা অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

খসড়া সংশোধনীতে দুই-চাকার অ্যাম্বুল্যান্সের নকশা, নিরাপত্তা ব্যবস্থা, নিবন্ধন, ফিটনেস এবং পরিচালনার জন্য পৃথক নির্দেশিকা তৈরির কথাও বলা হয়েছে। এসব অ্যাম্বুল্যান্সে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম বহনের পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকবেন, যাতে রোগীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনা বা হৃদরোগের মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসার প্রথম এক ঘণ্টা বা ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ের মধ্যে চিকিৎসা পৌঁছে দিতে পারলে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রত্যন্ত এলাকার মানুষও দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

Loading