September 18, 2026

সময়সীমার আগেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ শেষ রাজ্যে, ৩ কোটি ৬৮ লক্ষের বেশি বাড়ির তথ্য সংগ্রহ

সোমালিয়া ওয়েব নিউজ: নির্ধারিত সময়সীমার আগেই পশ্চিমবঙ্গে জনগণনার প্রথম পর্যায়ের মাঠপর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিজের এক্স হ্যান্ডলে এই তথ্য জানান তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ১ লক্ষ ৭৩ হাজার ৬৬টি হাউসলিস্টিং ব্লকের ১০০ শতাংশ এলাকাতেই প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের এই হাউসলিস্টিং পর্বে রাজ্যে মোট ৩ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার ৫টি বাড়ির তালিকা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৯.৭ শতাংশ। ১৬ আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছিল বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহের কাজ, যার নির্ধারিত সময়সীমা ছিল ১৪ সেপ্টেম্বর। রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম ও পুরসভা এলাকায় এই কাজ পরিচালিত হয়। বিপুল সংখ্যক এনুমারেটর ও সুপারভাইজার এই কর্মযজ্ঞে যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের পাশাপাশি জেলা প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন। জনগণনা ২০২৭-এর পরবর্তী পর্যায়ের কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

Loading