September 17, 2026

নেপালে হড়পা বানে নিখোঁজ রাজ্যের বাসিন্দাদের সন্ধানে তৎপর রাজ্য

সোমালিয়া ওয়েব নিউজ: নেপালে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ রাজ্যের বাসিন্দাদের সন্ধানে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিখোঁজদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে নিখোঁজদের বর্তমান পরিস্থিতি এবং তাঁদের সন্ধানে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও বৈঠক সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি, তবে নিখোঁজদের সন্ধানে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলে পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার ও সন্ধানকার্য নিয়ে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে উদ্বেগে থাকা নিখোঁজদের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাঁদের দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Loading