সোমালিয়া সংবাদ, খানাকুল: তৃণমূল যুবনেতা সেখ সাকিমের উদ্যোগে মঙ্গলবার খানাকুলের বালিপুর হাইস্কুল মাঠে ইনসাফ ক্লাবের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচী অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক সফিউল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা, খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক, ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলি প্রমূখ। এদিনের অনুষ্ঠানে এক হাজার দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।রক্তদান শিবিরের সূচনা করেন সায়ন্তিকা। পরে তিনি মঞ্চে বক্তব্য রাখার সময় ইনসাফ ক্লাব তথা তৃণমূল যুবনেতা সেখ সাকিমের এই সমাজসেবামূলক কাজকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দলের মধ্যে থাকা মীরজাফরদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সায়ন্তিকা বলেন, আমাদের দলেও কিছু মীরজাফর ছিল, এখনও কিছু মীরজাফর রয়েছে। তাদেরকে নজরে রাখতে হবে। দল এখন দুধ-কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে। এখন দূর থেকে কাল সাপ দেখব, সাপুড়ে ডাকবো, বিষদাঁত ভাঙবো, আর চুপড়িতে ঢুকিয়ে ফেরত পাঠিয়ে দেব। তিনি এও বলেন, কোন মুসলিম পরিবারে পুত্রসন্তান জন্মালে যেমন মীরজাফর নাম রাখা হয় না, তেমনি আগামী দিনে বাঙালি পরিবারে কোন পুত্রসন্তানের নাম শুভেন্দু রাখা হবে না। সায়ন্তিকা এদিন বলেন মানুষের পাশে থাকা মানে মৌখিকভাবে নয়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বহিরাগত বড়লোকের দল মুখে বড় বড় কথা বলে, মুখে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভাঁওতাবাজি করে। কিন্তু আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের যত সৈনিক রয়েছেন আমরা সবাই একথা বিশ্বাস করি, মুখে কোন কথা বললে হবে না, যা করার কাজে করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সমাজকল্যাণমূলক কাজ করতে হবে। দিদি যেমন বলেন ঠিক সেইভাবে সুখের দিনে থাকতে না পারলেও দুঃখের দিনে পাশে থাকতেই হবে। অন্যদিকে তৃণমূল যুবনেতা সেখ সাকিমের ভূয়সী প্রশংসা করেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সফিউল্লাহ খান। তিনি বলেন, সাকিম একটা সময় দলের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আগামী দিনে সাকিমের নেতৃত্বে শুধু খানাকুল বা আরামবাগ মহকুমা নয়, হুগলি জেলায় তৃণমূল যুব কংগ্রেসের ঝান্ডা ছড়িয়ে পড়বে। পাশাপাশি সফিউল্লাহ বলেন, জাতি-ধর্ম- বর্ন নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। কারণ ২০২৪ সালকে আমাদের টার্গেট নিতে হবে। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভারতের মসনদে বসাতে হবে। এর পাশাপাশি আমরা যদি বাংলাতে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারি তাহলে আগামী দিন এই বাংলাই পথ দেখাবে সারা ভারতবর্ষকে।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬