February 4, 2026

জাতীয় স্তরের মহিলা ফুটবলে তৃতীয় স্থান: সম্বর্ধনা ফুটবলারদের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান দখল করা মহিলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিল আরামবাগের বিক্রমপুর বিশালক্ষীমাতা মহিলা ফুটবল কোচিং ক্যাম্প। উল্লেখ্য, এই কোচিং ক্যাম্প থেকেই ১৬ জন মহিলা ফুটবলার ছত্রিশগড়ের  কোরবাতে ২৪-৩১ মার্চ অনুষ্ঠিত জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই ১৬ জনের মধ্যে ১১ জন ফুটবলার আরামবাগ ক্যাম্পের, বাকি পাঁচজন এই ক্যাম্পেরই শাখা পূর্ব বর্ধমানের সগড়াই মহিলা অ্যাথলেটিক্স ক্লাবের সদস্য। এদিন সকলকেই আরামবাগে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, উপপুরপ্রধান মমতা মুখার্জি ছাড়াও বিভিন্ন কাউন্সিলররা। বিশালক্ষীমাতা কোচিং ক্যাম্পের সভাপতি তারকনাথ ঘোষ জানান, উইমেনস মহিলা ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ছত্রিশগড় মহিলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে দেশের ১৭ টি রাজ্য থেকে ফুটবল দল অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করা এই দল তৃতীয় স্থান লাভ করে। তারকনাথবাবু জানান, এই প্রথম এই কোচিং ক্যাম্প থেকে মহিলা ফুটবলাররা প্রথমবারের জন্য রাজ্যের বাইরে খেলতে গিয়েছিল। তাছাড়া এই ক্যাম্পে সমস্ত ফুটবলারই অত্যন্ত দুঃস্থ পরিবারের সদস্য। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী বলেন, এই সাফল্যে আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না। আরও ভাল প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে দেশের মধ্যে প্রথম স্থান দখল করার ক্ষমতা অর্জন করতে হবে।

Loading