February 5, 2026

রাজা রামমোহনের পদধূলি ধন্য খানাকুলের মাটিতে বাল্যবিবাহ বন্ধ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ

সোমালিয়া সংবাদ, খানাকুল: অমানবিক সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে জনমত গঠন করে আন্দোলন করেছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করতে সফল হয়েছিলেন। অনেকটাই কমাতে পেরেছিলেন বাল্যবিবাহ। এবার সেই বাল্যবিবাহকে চিরতরে বন্ধ করার জন্য উদ্যোগ নিল রাজা রামমোহনের  পদধূলিধন্য খানাকুল। মঙ্গলবার খানাকুল-১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল। এ বিষয়ে খানাকুল-১ নম্বর বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করেছেন। তারপরেও বাল্যবিবাহ কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমরা এদিন সবাই একজোট হয়ে সমাজের জন্য ক্ষতিকারক এই প্রবণতাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক কর্তা ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের ইমাম, পুরোহিত এবং ম্যারেজ রেজিস্টাররা  আঠারো বছর বয়সের নিচে কোন মেয়ের বিয়ে না দেওয়ার জন্য শপথ গ্রহণ করলেন। এদিনের বৈঠকে খানাকুল-১ নম্বর ব্লকের ৪২টি মসজিদের ইমাম, ২০ জন পুরোহিত এবং ম্যারেজ রেজিস্ট্রারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল-১ নম্বর বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সহ-সভাপতি নইমুল হক সহ অন্যান্য কর্মাধ্যক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে আলোকপাত করেন। বাল্যবিবাহ বন্ধে ইমাম- পুরোহিত এবং ম্যারেজ রেজিস্ট্রারদের এগিয়ে আসার আবেদন জানান। এ ব্যাপারে পুরোহিত সন্দীপ গোস্বামী, ইমাম আব্দুর রহমান মল্লিক প্রমূখ বলেন, আমরা কখনোই আঠারো বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দিই না। কিন্তু কখনও কখনও স্থানীয়ভাবে রাজনৈতিক চাপের মুখে আমাদেরকে পড়তে হয়। কিন্তু এদিন বিডিও সাহেব এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আমাদেরকে সবরকম সুরক্ষা দেবার কথা জানিয়েছেন। নাম-ঠিকানা গোপন রেখে ফোন করে বিষয়টি জানানোর কথা বলেছেন। তিনি নিজের ফোন নম্বরও দিয়েছেন। ওনাদের এই উদ্যোগকে আমরা খুবই সাধুবাদ জানিয়েছি। আমরাও চাই এই বাল্যবিবাহ একেবারে বন্ধ হয়ে যাক। অন্যদিকে এব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ এবং সহ-সভাপতি নইমুল হক বলেন, আমরা সকলে মিলে বাল্যবিবাহকে রাজা রামমোহন রায়ের খানাকুলের মাটি থেকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আমরা সবরকম উদ্যোগ গ্রহণ করছি। ইমাম-পুরোহিতরা রাজনৈতিক ও ক্লাবের চাপের কথা জানিয়েছেন। ওনাদেরকে বলেছি এ ব্যাপারে আমরা ওনাদের পাশে থাকবো। যারা চাপ দেবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading