কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন না বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

সোমালিয়া সংবাদ, কলকাতাঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে টলিপাড়া থেকে শুরু করে বাঙালী সিনেমা প্রেমীদের উৎসাহ বেশ চোখে পড়ার মতো।ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। চলচ্চিত্র উৎসবে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র ডাক না পাওয়ায় উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগেন। জানা গিয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে নাকি আমন্ত্রণ পাননি শ্রীলেখা মিত্র। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। পয়লা মে পর্যন্ত চলছে বাংলার চলচ্চিত্র উৎসব। মোট চল্লিশটি দেশের মোট ১৬৩টি সিনেমা দেখানো হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সে দেশের সাতটি ছবি উৎসবে দেখানো হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে মাথায় রেখে কয়েকটি ছবি রাখা হয়েছে।  প্রদর্শনী করে শতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্তর মতো কিংবদন্তিদের। নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। সেখানে ডাকা হয়নি শ্রীলেখা মিত্রকে। ফেসবুকে অভিনেত্রী লেখেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ আসেনি, একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন্য কোনও অজ্ঞাত কারণ আছে? তৃণমূল, তৃণমূল সরকার কি প্রতিহিংসাপরায়ণ মাইরি।” সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীকে কেন ডাকা হল না তা নিয়ে তার অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেন।

Loading