সোমালিয়া সংবাদ, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা যতই এগোচ্ছে ততই নাম জড়াচ্ছে রাঘব বোয়ালদের। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাইই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই কিস্তিতে এই টাকা ফেরাতে হবে অঙ্কিতা অধিকারীকে। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই টাকা জমা দিতে হবে। আদালত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে, কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি ৪৩ মাস চাকরি করছেন। এখন উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, অঙ্কিতার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য অগ্রাধিকার পাবেন মামলাকারী ববিতা সরকার।
সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশেই অঙ্কিতা যোগ্য নম্বর না পেলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই। অবশেষে জয় হলো মামলাকারীর।
![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ